সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বার্সায় থাকতে হলে মেসিকে বেতন কমাতে হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২০

স্পোর্টস রিপোর্ট:

চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি নবায়ন নিয়ে এখনো অগ্রগতির খবর নেই। তবে বার্সেলোনায় থাকতে হলে বেতন কমাতে হবে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে। এত বেতন দিয়ে মেসিকে রাখার সামর্থ্য নেই আর্থিক সংকটে ভোগা বার্সার।

কিছুদিন আগে বার্সা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জোসেপ মারিয়া বার্তোমেউ। তাঁর অধীনে থাকা বোর্ডের অন্য পরিচালকেরাও পদত্যাগ করেছেন। বর্তমানে কার্লেস তুতকেটসের অধীনে পরিচালিত হচ্ছে বার্সা। দ্রুতই পরবর্তী সভাপতি নির্বাচিত করা হবে। সভাপতি হওয়ার দৌড়ে সবার আগে আছে টনি ফ্রেইজার নাম। তবে দায়িত্ব পাওয়ার আগেই মেসির বেতন নিয়ে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ফ্রেইজা।

গোল ডটকমের একটি প্রতিবেদন অনুযায়ী স্প্যানিশ সংবাদমাধ্যম ইএল কুরুবিতোকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রেইজা বলেছেন, ‘মেসির সঙ্গে সামনাসামনি বসে শান্তভাবে আমাদের আলোচনা করতে হবে বার্সেলোনার সর্বোচ্চ স্বার্থের বিষয়টি মাথায় রেখে। মেসিসহ অন্য যেসব খেলোয়াড়ের চুক্তি নবায়ন করতে হবে কিংবা কিনতে হবে, তাদের সবাইকে আমরা এমন প্রস্তাব দেব, যার সঙ্গে এত দিন ধরে পাওয়া বেতনের মিল থাকবে না, কমাতে হবে।’

বেতন কমানোর ইস্যুতে মেসির সঙ্গে সরাসরি কথা বলতে চান ফ্রেইজা, ‘মেসির মন জয় করা কিংবা তাঁকে বুঝিয়ে-শুনিয়ে রাজি করানোর দরকার নেই। তাঁর চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং জানতে হবে দুই পক্ষ কী চায়। সে কী চায় এবং বার্সেলোনা কী চায়। আমরা মনে করি, ফুটবলকে মেসির আরো অনেক কিছু দেওয়ার বাকি।’

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী করোনাভাইরাসের কারণে চরম আর্থিক সংকটে পড়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির খরচের বেশির ভাগ হলো খেলোয়াড়দের বেতন-ভাতা। তাই বিশাল ঘাটতি পোষাতে ফুটবলারদের বেতন কমাতে হবে ক্লাবটির। নয়তো ক্লাবটি দেউলিয়া হয়ে যেতে পারে বলে ধারণা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি