শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোয়েলের ডিমের লোভ দেখিয়ে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন হয়রানি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০২১

ডেস্ক রিপোর্টঃ

যশোরের চৌগাছা উপজেলায় কোয়েল পাখির ডিম দেওয়ার কথা বলে সাড়ে ৪ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে রায়াহান (১৪) নামে এক কিশোরের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার পর নিয়ে এসে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর মা অভিযোগ করেন, গতকাল বিকেল ৫টার দিকে তার সাড়ে ৪ বছর বয়সী মেয়ে বাড়ির অদূরে খেলছিল। এসময় প্রতিবেশী ইউনুছ আলীর ছেলে রায়হান মেয়েটিকে কোয়েল পাখির ডিম দেওয়ার কথা বলে তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। তখন তাদের বাড়িতে কেউ ছিল না। ঘরের ভেতরে নিয়ে তার পরনের প্যান্ট খুলে যৌন হয়রানি করে। একপর্যায়ে মেয়ের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

ওই শিশুটির মা বলেন, ‘আমার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে কালো চিহ্ন দেখা গেছে। রায়হান তাকে যৌন হয়রানি করেছে বলে জানিয়েছে। পরে রাত গতকাল রাত ১১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আরিফ আহম্মেদ বলেন, ‘সাড়ে ৪ বছরের এক মেয়েশিশু যৌন হয়রানির ঘটনায় হাসপাতালে ভর্তি ছিল। মেয়েটির শরীর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষণ হয়েছে কিনা তা রিপোর্ট আসার পরে জানা যাবে।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টিতে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।’

স্থানীয় স্বরূপদহা ইউনিয়ন পরিষদের কাকুড়িয়া ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাজালাল আজ বিকেলে বলেন, ‘যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে শিশুটিকে নিয়ে আসা হয়েছে। এখন ছেলেটি ও মেয়েটিসহ উভয় পরিবার চৌগাছা থানায় অবস্থান করছে। আমি নিজেও সেখানে যাচ্ছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি