ডেস্ক রিপোর্ট:
রাজধানীর বাজারগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে খুচরা বাজারে কেজিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আর পাইকারি বাজারে কেজিতে বেড়েছে ৭-৮ টাকা পর্যন্ত।
পেঁয়াজের হঠাৎ এই দাম বাড়ার কারণ নিয়ে পাইকারি ব্যবসায়ীরা বলেন, বাজারে এখন দেশি যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তা মুড়ি কাটা। এই পেঁয়াজের সরবরাহ আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলে পেঁয়াজের দাম বেড়েছে।
অপরদিকে খুচরা ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজের সরবরাহ কমার পাশাপাশি রমজানের সময় এগিয়ে আসাও পেঁয়াজের দাম বাড়ার একটা কারণ। মাসখানেক পরেই রমজান শুরু। এই রমজানকে কেন্দ্র করেই আগে থেকে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। রোজায় পেঁয়াজের দাম বেড়েছে যাতে কেউ এমন অভিযোগ করতে না পারে।
রোববার ( ৬ মার্চ) রাজধানীর মিরপুর-২, কাজীপাড়া, শেওড়াপাড়া, কারওয়ান বাজার, হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা। যা গত শুক্রবারও ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে ছিল। কিন্তু শনিবার হঠাৎ করেই পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে খুচরা ব্যবসায়ীরাও দাম বাড়িয়ে পেঁয়াজ বিক্রি করছেন।


















































