বৃহস্পতিবার,৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার লাকসামে স্বর্ণালংকার লুটে নিতে চিনে ফেলায় গলায় রশি পেঁচিয়ে নারীকে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে বাড়ি থেকে স্বর্ণালংকার লুটে নিতে আসা দুষ্কৃতিকারীদের চিনে ফেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ( ৮ মার্চ) দিবাগত রাতে পৌরসভার ঠাকুরপাড়া এলাকায়।

জানা গেছে, শুক্লা রানী আচার্য্য (৫০) নামক ওই নারী একাই বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে নয়টার সময় দর্জির কাজ শেষে স্বামী স্বপন আচার্য্য ও ছেলে প্রবীর আচার্য্য বাড়িতে এসে দেখেন ঘরের সামনের দরজা ভেতর থেকে আটকানো। পেছনের দরজা বাইরে থেকে লাগানো। পরে ঘরে ঢুকে দেখেন শুক্লারানীর মরদেহ খাটের উপরে আছে। আলমিরা খোলা। এতে রাখা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার নেই।

ওই সময় তাদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। খবর পেয়ে লাকসাম ও মনোহরগঞ্জ সার্কেলের এএসপি মো. মহিতুল ইসলাম, লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার ( ৯ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা আরও জানান, স্বর্ণালংকার লুট করতে আসা দুষ্কৃতকারীদের চিনে ফেলায় গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে লাশ খাটের উপর ফেলে রাখা হয়। পরে দুষ্কৃতিকারীরা সামনের দরজা আটকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

আজ মঙ্গলবার  ( ৯ মার্চ) নিহতের ছেলে প্রবীর আচার্য্য বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, ওই নারীর গলায় রশির দাগ রয়েছে। ঘটনার তদন্ত চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি