ডেস্ক রিপোর্টঃ
মাত্র দেড় আনা স্বর্ণের জন্য সরাইলে শিশু তাশফিয়া আক্তার হাজেরা (৯)-কে নির্মমভাবে খুন করেছে রনি বেগম (২১) ও তার সহযোগীরা।
গত মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের নোয়াহাটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্দেহবশত জনতার হাতে আটক রনি বেগমসহ ৩ জন হত্যার দায় স্বীকার করেছে। পরে গভীর রাতে পুলিশ ঘটনার মূল হোতা রনিসহ ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য মতে, সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলীর বাড়ির পাশে লাকড়ির নিচ থেকে হাজেরার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। বুধবার ( ১৭ মার্চ) সকালে হাজেরার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। দুপুরের দিকে হাজেরার কানের দেড় আনা স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ, স্থানীয় লোকজন ও নিহত শিশুর স্বজনরা জানায়, নোয়াহাটি গ্রামের আব্দুল কাদের মিয়ার কন্যা শিশু হাজেরা।
১ ছেলে ১ মেয়ের মধ্যে হাজেরাই বড়। চতুর্থ শ্রেণির ছাত্রী হাজেরাকে দেড় আনা স্বর্ণ দিয়ে দু’টি জিনিষ তৈরি করে দিয়েছিলেন পিতা। ওই স্বর্ণের ওপর নজর পড়ে একই গ্রামের মতিন মিয়ার মেয়ে রনি বেগমের। গত ৫-৬ দিন ধরে রনি সময় অসময়ে হাজেরার বাড়িতে যাওয়া আসা শুরু করে। মঙ্গলবার সন্ধ্যার পর সে হাজেরাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকেই নিখোঁজ হাজেরা। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। ওই সময় রনির চলাফেরা ও কথাবার্তায় অসংলগ্নতা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর।
পরে স্থানীয় লোকজন প্রথমে রনিকে পরে হোসেন মিয়া ও জামির (২২) কে আটক করে। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে রনি। তার তথ্য মতে, শিশু হাজেরার লাশ উদ্ধার করে স্বজনরা। রাত ২টার পর রনি হোসেন ও জামিরকে পুলিশে সোপর্দ করে। আর বুধবার ( ১৭ মার্চ) সকালে পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। রনির দেয়া তথ্যানুসারে গতকাল দুপুরে হাজেরার কানের দেড় আনা ওজনের স্বর্ণের জিনিষও উদ্ধার করেছে পুলিশ। বিকালে বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুশান্তের দোকানে মঙ্গলবার রাত ৮টার দিকে রনি ৪ হাজার টাকায় বিক্রি করেছিল। সরাইল থানার পুলিশ পরিদর্শক ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. কবির হোসেন (তদন্ত) বলেন, শিশুটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


















































