শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা পরিষ্কার নয়


করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা পরিষ্কার নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০২১

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা জনগণের কাছে পরিষ্কার নয় বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। তারা বলছেন, শুধু শাস্তি দিয়েই পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। টিভি ক্যামেরা দেখলে কেউ কেউ সচেতন হওয়ার চেষ্টা করেন। আবার মুখে শুধু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন। কিন্তু বাস্তবে মানছেন না বরং দিচ্ছেন নানা অজুহাত। তাই সেকেন্ড ওয়েভ ঠেকাতে সরকারকে এখনই সঠিক কর্মকৌশল নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। তিন মাস আগে সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও এখন ঊর্ধ্বমুখী। গত কদিন ধরে শনাক্তের হার ১০ শতাংশের উপরে। আর এই হারের মধ্যে বিসিএস পরীক্ষা দিলো পাঁচ লাখ শিক্ষার্থী। অথচ এই হার ৫ শতাংশের বেশি হওয়ায় স্কুল-কলেজ না খুলতে খুবই তৎপর সরকার। তাছাড়া যেকোনো সামাজিক অনুষ্ঠান বা মেলার আয়োজনে জনসমাগমের কারণে করোনা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কিভাবে করোনা সামাল দেবে সরকার? এমনিতেই মাস্ক পরা নিয়ে নানা অজুহাত দেখাচ্ছে অসচেতন মানুষগুলো। এই অসচেতন মানুষ আর সরকারের ভূমিকা নিয়ে গভীর চিন্তায় জনস্বাস্থ্যবিদরা।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডা. মোজাহেরুল হক বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আসবে তা আমাদের জানা ছিল। আমরা জানার পরেও কতটুকু প্রস্তুত ছিলাম তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের আরও বেশি সমন্বয় দরকার। এমন পরিস্থিতিতে সরকারের বিশেষ কোনো পরিকল্পনা চোখে পড়ছে না।

একই বিষয়ে আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর হোসেন আরটিভি নিউজকে বলেন, সব মানুষ জানে করোনা থেকে রক্ষা পেতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে আমরা ব্যক্তিগতভাবে সচেতন না হলে বিশাল ঝুঁকি তৈরি হবে। শুধু সরকারের পরিকল্পনায় কিছু হবে না। জনগণকেও এ বিষয়ে সহযোগিতার হাত বাড়াতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে করোনার দ্বিতীয় ঢেউ আরও বেশি ভয়াবহ রূপ নিতে পারে। যার মাশুল দিতে হবে গোটা জাতিকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি