ডেস্ক রিপোর্ট:
কিশোরগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবু বাক্কার নামের (৫৫) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের কুড়েরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুরের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় এক ইটভাটা শ্রমিকের শিশু মেয়েটি পাশের বাড়ি থেকে মায়ের মোবাইল ফোন আনতে যায়। ফেরার পথে আবু বাক্কার শিশুটিকে নিজের খালি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে আবু বাক্কার পালিয়ে যায়। পরে রাতে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গভীর রাতে আবু বাক্কারকে আটক করে থানায় নিয়ে আসে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে কিশোরগঞ্জ আড়াইশো শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


















































