ডেস্ক রিপোর্ট:
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ২৬ মার্চ (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত অন্তত ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
সোমবার (২৯ মার্চ) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এই তথ্য জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফর ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। পল্টন থানায় পুলিশ বাদী হয়ে ২৬ মার্চ রাতে মামলাটি করে। মামলায় অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করা হয়।
পল্টন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৬শে মার্চ রাতে মামলাটি করা হয়। এতে ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সংঘর্ষ হয়। এতে ১০ সাংবাদিকসহ ৭০ জনেরও বেশি মানুষ আহত হন।























































