স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। আজ শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় খেলাটি শুরু হওয়ার কথা। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছে টাইগাররা।
মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বাতাসের কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর হয়েছে টস। প্রথম দুই ম্যাচে টস জিতলেও শেষ ম্যাচে হেরেছে বাংলাদেশ। বিপরীতে চলতি সিরিজে প্রথমবার টস জিতে ব্যাট করতে দ্বিতীয়বার ভাবেননি শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরেরা।
এক ম্যাচ হাতে রেখেই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তারপরও ক্রিকেটারদের চোখেমুখে আক্ষেপ, হতাশা! দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশ সেরা ক্রিকেট এখনও খেলতে পারেনি। শুক্রবার শেষ ম্যাচটি সেই আক্ষেপ পূরণের মঞ্চ। এই ম্যাচ নিয়ে তামিম-মাহমুদউল্লাহরও লক্ষ্য নিজেদের সেরা ক্রিকেটটা খেলা। তার সঙ্গে শেষ ম্যাচটি জিতলে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার তো বটেই, সব মিলে ১৫তম হোয়াইটওয়াশ উদযাপন করার সুযোগ পাবে লাল-সবুজ জার্সিধারীরা।

























































