ডেস্ক রিপোর্টঃ
নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী থেকে শরীরের সঙ্গে মাটিভর্তি বস্তা বাঁধা অবস্থায় রুবেল হোসেন রব্বেল (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তবে নিহত রুবেলের ঘর থেকে ‘নদীতে ডুবে মরতে যাচ্ছি’ লেখা একটি চিরকুট নোট পাওয়া গেছে বলে দাবি তার স্বজনদের।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার তিরাইল এলাকায় লাশটি পাওয়া যায়। নিহত রুবেল তিরাইল গ্রামের আবু হানিফ শেখের ছেলে। তিনি কিছু দিন আগে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স পাস করেন বলে জানা গেছে।
নিহতের স্বজন ও থানাসূত্রে জানা যায়, রোববার ভোরে রুবেল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বেলা ১১টার দিকে স্থানীয়রা পাশের নদীতে তার ভাসমান লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ সময় নিহতের ঘর থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
চিরকুটে লেখা ছিল— ‘নদীতে আড়ের (সাঁকো) পূর্বে পানিতে ডুবে মরতে যাচ্ছি। রুবেল/রব্বেল=মানুষ মরণশীল। সমস্যা= কুষ্ঠরোগ+ লিঙ্গে ক্ষত’। তবে বাস্তবেই চিরকুটটি তার হাতের লেখা কিনা এটা নিয়ে পরিচিতজনদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


















































