শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ব্যাটারির চার্জার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- ইজি বাইকচালক আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫), তাদের দুই মেয়ে আয়শা (৫) ও মাইশা (৯) এবং ইয়াসমিনের ভাগনে রায়হান (২৫)।

বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে মতিন এবং ইয়াসমিনের শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গেছে। তাদের দুই মেয়েরও ৪০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। রায়হানের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ জানায়, আব্দুল মতিন ঘুমানোর আগে প্রতিদিন ইজিবাইকের ব্যাটারি চার্জ দেন। গতকাল রাতেও ব্যাটারি চার্জ দিয়ে ঘুমাতে যান। ভোরে সেখান থেকে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় পাঁচজন দগ্ধ হন। পরে তারা দৌড়ে বাইরে চলে আসেন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘একতলা একটি বাসায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ থেকে আগুন লাগে। ইজিবাইক বাইরে রেখে ঘরের ভেতর থেকে সেটি চার্জ দেওয়া হচ্ছিল। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি