শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নারায়ণগঞ্জের সেই ভবনে ১৫ দিন আগেও লেগেছিল আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া ভবনটিতে মাত্র ১৫ দিন আগে পঞ্চম তলায় আগুন লাগলেও কোনো ব্যবস্থাই নেয়নি কারখানা কর্তৃপক্ষ। এমনকি ভবন থেকে বের হওয়ার জন্য ছিল না পর্যাপ্ত সিঁড়ির ব্যবস্থা। অনিয়মকে রীতিমতো নিয়ম বানিয়ে অল্প টাকায় শিশুদের নিয়োগ দেওয়া হয় কারখানায়।

এসব ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শ্রমিকরা। আর ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।

হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ৬ তলা বিশাল ভবনের বিভিন্ন ফ্লোরে এখন শুধুই ধ্বংসস্তূপ। আগুনের ভয়াবহতার ছাপ স্পষ্ট। পুরো ভবনটিতেই ছিল কেমিক্যাল আর বিভিন্ন দাহ্য পদার্থ। কোনো ফ্লোরে চলত পণ্য মোড়কের কাজ, কোথাও আবার কেমিক্যাল দিয়ে পণ্য প্রস্তুতের কাজ।

আগুনের ভয়াবহতায় পুরো ভবন যেন কয়লায় রূপ নিয়েছে। অগ্নিকাণ্ডের পর কারখানার শ্রমিকদের কেউ কেউ আসেন নিজের কর্মস্থলে। তারা জানান এর আগেও এখানে একাধিকবার আগুন লাগলেও সতর্কতামূলক কোনো ব্যবস্থাই নেয়নি কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিকরা বলেন, ১৫ দিন আগেও কারখানায় আগুন লাগে। ওই সময় সবাই মিলে আগুন নিভিয়ে ফেলে। না হলে সেদিনই এমন ঘটনা ঘটতে পারত। সেদিনও শতাধিক শ্রমিক ওই ফ্লোরে কাজ করছিল।

ভবনে ছিল না কোনো বিকল্প সিঁড়ি এমনকি অগ্নিনির্বাপণ যন্ত্র। এ ছাড়া ছোট ছোট অনেক কক্ষের কারণে অগ্নিকাণ্ডের সময় দিশেহারা হয়ে পড়ে শ্রমিকরা।

কারখানার এক শ্রমিক বলেন, যখন আগুন জ্বলে তখন আমরা একবার এদিক আরেকবার ওদিক ছুটতে থাকি। আগুনে আমরা দিশেহারা হয়ে যায়, আমরা কোন দিক থেকে নামব। তখন কেউ লাফিয়ে, যে যেভাবে পারছি ওইভাবে নামছি। অনেক আগুন দেখে শ্রমিকদের নিয়ে বের হতে গিয়ে গেট বন্ধ দেখা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, কেউ যদি এই ঘটনায় দোষী বা দায়ী থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।

শুধু তাই নয়, হাসেম ফুড বেভারেজ সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে অল্প টাকায় নিয়োগ দিয়েছে শিশুদের। কাজ করা অধিকাংশের বয়সই ১৮ বছর পূর্ণ হয়নি।

কারখানার শিশু শ্রমিকরা জানায়, তাদের অধিকাংশের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে। অনেকেরই ভোটার আইডি কার্ড না হওয়ায় তাদের জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে চাকরি নিতে হয়েছে।

পুরো ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থার কথা জানালেন শ্রম প্রতিমন্ত্রী।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, মালিকপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের আছে। শ্রম মন্ত্রণালয়ের যে অধিদপ্তর আছে তাদের মধ্যে দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।

নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করছে ফায়ার সার্ভিস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি