
বিনোদন ডেস্কঃ
আলোচিত চিত্রনায়িকা পরীমনির মুক্তি ও তার ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে নাগরিক সমাবেশ করেছে চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীদের একটি অংশ। সমাবেশে তারা পরীমনিকে বারবার রিমান্ডে নেয়ার নিন্দা জানিয়ে মুক্তি দাবি করেছেন।
শনিবার (২১ আগস্ট) বিকেলে শাহবা জাতীয় যাদুঘরের সামনে ‘শিল্পীর পাশে’ নামে একটি ব্যানার নিয়ে পরীমনির মুক্তি ও তার ন্যায়বিচারের দাবিতে এ সমাবশ করা হয়েছে।
সমাবেশে চলচ্চিত্রকার ও অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে অরজকতা চলছে, লুটপাট, ধর্ষণ। তার বিপরীতে একটা লোককে পাওয়া গেছে যাকে চাইলেই সবধরনের নির্যাতন চালানো যেতে পারে এবং সেক্ষত্রে সবচেয়ে ভালো উপাদান হচ্ছে নারী। আবার সে যদি মডেল বা অভিনেত্রী হয় তাহলে আরও ভালো।
নাট্যকার সেতু আরিফ বলেন, আমরা যে পরিস্থিতিতে আছি, আমি মনে করি রাষ্ট্রের কাছে আমরা সুরক্ষিত নই। একজন শিল্পী দেশের নাগরিক এবং দেশের অন্যতম একজন রিপ্রেজেনটেটিভ। আজকে এদেশের রাষ্ট্র ব্যবস্থাপনার লোকেরা এদেশের শিল্পকে সবসময় ভয় পায় এবং এখন একটি অসুস্থ চক্রের চক্রান্তের প্রক্রিয়ায় আমাদেরকে কোণঠাসা করা হয়েছে। আমি মনে করি, পরীমনি একটা শুধু উপলক্ষ। শুধু পরীমনির জন্য না, আমাদের নিজেদের জন্য রাস্তায় নামা উচিত।
সমাবেশে পরীমনির ন্যয়বিচারের দাবি জানিয়ে চলচ্চিত্র নির্মাতা মো. বারি বলেন, পরীমনির সাথে যে ঘটনাটা ঘটেছে এটা কোনোভাবেই কাম্য নয়। পরীমনি যাতে ন্যায্য বিচার থেকে কোনোভাবেই বঞ্চিত না হয় সেটাই আমাদের কাম্য। সামান্য এই রকম মামলায় এতবার রিমান্ড বাংলাদেশের বিচারের ইতিহাসে আর একটিও নেই।
পরীমনির সাংবিধানিক অধিকার রক্ষার দাবি জানিয়ে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম বলেন, পরীমনি গ্রেফতার প্রক্রিয়া থেকে শুরু করে তিন-তিনবার রিমান্ড নেয়া একইসাথে মিডিয়া ট্রায়ালের জন্য উসকে দেয়া, এই কাজটিই তো একটি বেআইনি কাজ। আইনের রক্ষক যারা তারাই তো আইন ভঙ্গ করেছে, জাতির কী হবে? আমরা আইনের শাসন চাই, সাংবিধানিক অধিকারের সুরক্ষা চাই। পরীমনি একজন অভিনয়শিল্পী একই সাথে বাংলাদেশের নাগরিক। তার আটক প্রক্রিয়া যদি বেআইনি হয়, সবার আগেই তো তার জামিন হওয়ার কথা। আমরা পরীমনির জামিন চাই। আইন সবার জন্য সমান হোক।
সাংবাদিকদের উদ্দেশ্যে নির্মাতা রোমান রবিন বলেন, আপনারা নিউজের হেডলাইন হিসেবে এমন কিছু দেবেন না যেটাতে আসলে শিল্প ও শিল্পীকে আপনাদের অডিয়েন্স খুব খারাপ ভাবে দেখে। আপনাদেরও অনেক অবদান রাখতে হবে।
এছাড়া এই সমাবেশে বিভিন্ন স্তরের অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

























































