শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পূজামণ্ডপে কোরআন রাখা সেই ইকবালকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনছে পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় মন্দিরের পূজামণ্ডপে কোরআন রাখা সেই ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয় পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘রাতে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহজনক মনে হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাতেই ইকবালকে কুমিল্লা জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে ধরে নিতে পারেন আমরা সেই ইকবালকে আটক করতে সক্ষম হয়েছি।’

গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েকটি স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়।

পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুই জন নিহত হয়। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে মণ্ডপে কোরআন রাখা ইকবালকে চিহ্নিত করে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি