বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে স্বামীর অমানবিক নির্যাতনে গৃহবধুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০২১

কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক গৃহবধু শারমীন আক্তারকে (১৯) শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের দক্ষিণ পাড়া রাজিয়ার বাপের বাড়িতে।

নিহত শারমীন উরুকচাউল গ্রামের নিহত আবুল খায়েরের মেয়ে। শারমীন আক্তারের লাশ রেখে স্বামী, শ্বশুর, শ্বাশুড়িসহ পরিবারের লোকজন পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের কামাল হোসেনের ছেলে মাইক্রোবাস চালক কামরুল ইসলাম গত দেড় বছর পূর্বে একই গ্রামের মৃত আবুল খায়েরের মেয়ে শারমীন আক্তারের সাথে প্রেম করে পালিয়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর কামরুল মাদকাসক্ত হয়ে পড়েন। পরে কামরুল নিয়মিত মাদক সেবন করে নিজেদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে শারমীনকে প্রায়ই মারধর করতেন। শারমীন আক্তার নির্যাতন সহ্য করতে না পেরে কখনো বাপের বাড়ি আবার কখনো আত্মীয়ের বাড়ি চলে যেতেন। এনিয়ে গত দেড় বছর থেকে স্থানীয় চেয়ারম্যান জালাল আহম্মদ ভূঁইয়া এবং ইউপি সদস্য মোস্তফা কামাল একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে তাদেরকে মিলিয়ে দেন। কিন্তু তারপরও কামরুলের অত্যাচার থেকে শারমীন রেহাই পান নাই। গত শুক্রবার রাতে কামরুলের পিতা এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা চুরির দায়ে অভিযুক্ত কামাল হোসেন ও মা কমলা বেগম চট্রগ্রাম থেকে বাড়ি আসেন। গত শনিবারও কামরুল শারমীনকে মারধর করেন। এক পর্যায়ে শনিবার সকালে শারমীন পার্শ্ববর্তী তার বাপের বাড়িতে চলে আসেন। পরে একইদিন আবারো শারমীন স্বামীর বাড়ি আসেন। পরে গতকাল রবিবার দিনভর তাকে নির্যাতনের এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শারমীন আক্তারের বোন আকলিমা আক্তার বলেন, কামরুল ইসলাম বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে আমার বোনকে নির্যাতন করে আসছিলেন। রবিবার সকালেও আমি শারমীন আক্তারের শ্বশুরবাড়ি এসে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখতে পাই। আমার বোনকে কামরুল ইসলাম এবং তার মা-বাবা নির্যাতন করে হত্যা করেছে। আমি আমার বোনের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, কামরুল ইসলাম একজন নেশাখোর ছিলেন। বিয়ের পর স্বামী এবং স্ত্রীর মধ্যে ছোট-খাট কথা নিয়ে কামরুল স্ত্রী শারমীন আক্তারকে নির্যাতন করতেন। এ নিয়ে আমি এবং চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে তাদেরকে মিলিয়ে দেই। কিন্তু তারপরও কামরুলের নির্যাতন থেকে শারমিন রক্ষা পায় নাই। গতকাল রবিবার বিকেল ৫ টাকা ১৩ মিনিটে কামরুলের বাবা কামাল হোসেন আমাকে ফোন করে বলে তার ছেলের বউ বিষ পান করে হাসপাতালে মারা গেছে। এলাকাবাসী শারমীনের মৃত্যুর আলামত দেখে এটাকে হত্যা বলে ধারণা করছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া বলেন. কামরুল ইসলাম বিভিন্ন সময়ে শারমীন আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। এনিয়ে একাধিকবার স্থানীয় ইউপি সদস্যসহ আমি তাদের মধ্যে বিরোধ মিমাংসা করে শারমীনকে শ্বশুরবাড়ি পাঠাই। আমি ঘটনাটি তদন্তপূর্বক দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

নাঙ্গলকোট থানার ওসি তদন্ত রকিবুল ইসলাম বলেন, ঘটনাটির সংবাদ পেয়ে জরুরীভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য শারমীনের শ্বাশুড়ি কমলা বেগমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি