শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় মাদ্রাসার ছাত্র নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০২১

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় বালুবাহী ট্রাকের চাপায় মো. সালমান (৮) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে। সে চান্দিনার একটি মাদ্রাসায় লেখাপড়া করত।

স্থানীয় বাসিন্দা জামাল জানান, যাত্রী উঠানোর জন্য মহাসড়কের উপরে দাঁড়িয়ে থাকা মারুতিকে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক। এসময় নিহত সালমান তার আপন চাচা তোফাজ্জলের সাথে রাস্তা পারাপারের সময় মারুতির ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়লে বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সালমান নিহত হয়। আহত হয় চাচা তোফাজ্জল হোসেনও। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মারুতি ও ট্রাক আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি