বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » জাতীয় সঙ্গীতের সময় অঝরে কাঁদলেন মাহমুদউল্লাহ-তাসকিন


জাতীয় সঙ্গীতের সময় অঝরে কাঁদলেন মাহমুদউল্লাহ-তাসকিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২১

স্পোর্টস ডেস্ক:

তারাও রক্তে-মাংসে গড়া মানুষ। তাদেরও আবেগ অনুভূতি আছে। মাঠে খেলতে গিয়ে অনেক সময় সেই আবেগ অনুভূতিতে বাঁধ দিতে হয়।

কিন্তু চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা আর নানা কটু কথা রীতিমত কোণঠাসা করে রেখেছে মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবদের।

দেশের জন্য কি আসলেই তাদের দায়বদ্ধতার অভাব? তারা কি নিজেদের সেরাটা দিয়ে লড়ছেন না? যারা দিনের পর দিন দেশের পতাকাকে উঁচু করে ধরেছেন, তাদের এমন সব সমালোচনাও সহ্য করতে হচ্ছে এখন।

ক্রিকেটাররা তাই আবেগী হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলন থেকে শুরু করে সব জায়গায়ই তাদের সেই আবেগের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।

সবার থেকে বেশি যেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। দলের নেতা তিনি, সমালোচনার ঝড়টা তার ওপর দিয়েই যায় বেশি। তাই যেন একটু বেশিই আবেগী হয়ে পড়েছেন টাগগার দলপতি। সংবাদ সম্মেলনে তো মুখ ফুটে বলেই ফেলেছিলেন, সমালোচনা আর ব্যঙ্গ বিদ্রুপ তাদেরও কষ্ট দেয়।

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজার সময় কান্না আর চেপে রাখতে পারলেন না বাংলাদেশ দলপতি। দুই হাত দিয়ে বারকয়েক চোখ মুছলেন। তাসকিন আহমেদের তো দুই গাল বেয়ে অঝোরে ঝরে পড়লো অশ্রু।

টিভি ক্যামেরায় ধরা পড়লো তাদের সেই বিষন্ন চেহারা। দলের খারাপ পারফরম্যান্সে সমালোচনা হতেই পারে। কিন্তু সব কিছুর ওপরে তারাও মানুষ, তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিশ্বমঞ্চে। কখনও দেশকে ছোট দেখতে চান না তারাও।

হয়তো এই ছেলেরাই সামনে এমন কোনো গর্বের মুহূর্ত এনে দেবেন দেশকে। তাদের হাসিতে হাসবে বাংলাদেশ। অতীতে তো তারা দিয়েছেনও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি