ডেস্ক রিপোর্টঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) সকালে ওই ইউনিয়নের চরভূতা গ্রামের একটি খালপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি পার্শ্ববর্তী তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামের কৃষক আলাউদ্দিনের ছেলে মো. মোহন ওরফে সুজন (১৫)। তিনি অটোরিকশার চালক ছিলেন। তার অটোরিকশাটি পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সুজন রোববার (২১ নভেম্বর) সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। এদিকে সোমবার (২২ নভেম্বর) সকালে খাল পাড়ে স্থানীয়রা সুজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
লক্ষ্মীপুর সদর (মডেল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ছিনতাইকারীরা যাত্রী সেজে তাকে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।




















































