রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিরিজ অসমাপ্ত রেখে দেশে ফিরবেন সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০২২

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েই বড় দুঃসংবাদ পান সাকিব আল হাসান। তার মা শিরিন আক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

দ্বিতীয় ওয়ানডে শেষে শুনলেন এবার অসুস্থ তার তিন সন্তানও। এর সঙ্গে ক্যানসারাক্রান্ত শাশুড়িও ভর্তি হাসপাতালে।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির দেশে একাই সবার দেখভাল করছেন। পরিবারের এমন অবস্থায় তৃতীয় ওয়ানডে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে সাকিবের।

তিনি সিরিজ অসমাপ্ত রেখে ঢাকায় ফিরে আসবেন কি না সে প্রশ্ন উঠেছে। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, শেষ ওয়ানডেতেও খেলবেন সাকিব, এখন পর্যন্ত এটিই সিদ্ধান্ত।

এই বিপদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছেন সাকিব। সোমবার সকালে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘পারিবারিক বিষয়ে আমাদের বাধা দেওয়ার প্রশ্নই আসে না। সাকিব চাইলে দেশে চলে আসতে পারবে।’

তবে বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় পুরো সফরটি শেষ করতে চান সাকিব – এমন তথ্যও দিলেন জালাল ইউনুস।

বিসিবির এই শীর্ষ কর্মকতা বলেছেন, ‘সাকিবের সঙ্গে শনিবার রাতে কথা হয়েছে আমার। সে আমাকে জানিয়েছে, পরিবারের অবস্থা যদি সেখান (দক্ষিণ আফ্রিকা) থেকে সামাল দেওয়ার মতো থাকে তাহলে পুরো সফরই করবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে তখন অন্য কিছু চিন্তা করবে সাকিব।’

জানা গেছে, সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ছাড়া তার মা, তিন সন্তান, শাশুড়ি সবাই অসুস্থ হয়ে হাসপাতালে। সাকিবের মা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দুদিন আগে অচেতন ছিলেন সাকিবের মা শিরিন আক্তার। সাকিবের শাশুড়ি ক্যান্সারের রোগী। তার চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে।

এদিকে সাকিবের একমাত্র ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইররামেরও নিউমোনিয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারাও এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছে। সাকিবের বড় মেয়ে আলাইনাও জ্বরে আক্রান্ত। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি