শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনার মাটিতে কি শেষ ম্যাচ খেললেন মেসি?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০২২

স্পোর্টস ডেস্ক:

কাতার বিশ্বকাপ খেলে যদি অবসরে যান লিওনেল মেসি, তাহলে আজ (শনিবার) ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বিভিন্ন সূত্র ইতিমধ্যেই দাবি করেছে, আর্জেন্টিনার মাটিতে আকাশি-নীল জার্সিতে আর দেখা যাবে না বাঁ পায়ের জাদুকরকে। কারণ বিশ্বকাপের পরেই অবসরে যাবেন তিনি।

আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনিও ম্যাচের আগে বলেন, ‘হতে পারে এটাই মেসির শেষ হোম ম্যাচ।’ ভেনেজুয়েলার বিপক্ষে লিওনেল শরীরী ভাষা ছিল অন্যরকম। ফলস নাইন হিসেবে শুরু করেন ম্যাচ। আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতা ৯০ মিনিটই খেলেছেন তেড়েফুঁড়ে। এ যেন শেষটা রাঙানোর আপ্রাণ চেষ্টা! ম্যাচের শেষ দিকে পেয়েছেন কাঙ্ক্ষিত গোলের দেখা। ১৫৯তম আন্তর্জাতিক ম্যাচে মেসির গোল দাঁড়ালো ৮১।

ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর ৩৪ বছর বয়সী এই তারকাকে প্রশ্ন করা হয় ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে খেলবেন কি না? মেসির উত্তরে ছিল অবসরের ইঙ্গিত।

পিএসজি তারকা বলেন, ‘আমি জানি না।
সত্যি বলছি জানি না। আমি শুধু ইকুয়েডরের বিপক্ষে পরের ম্যাচ, জুলাইয়ের ম্যাচের প্রস্তুতি, সেপ্টেম্বর, অক্টোবর এবং বিশ্বকাপ নিয়ে ভাবছি।’

বিশ্বকাপের পর কি হবে, সেটিও জানেন না মেসি। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর কি হবে বলতে পারছি না। তখন আমাকে অনেক কিছু নিয়ে পুনরায় ভাবতে হবে। তবে এটা ঠিক, বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে।’

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরপরই অবসর বোমা ফাটান মেসি। তবে ভক্তদের টানে অভিমান ভেঙে আবার মাঠে ফেরেন। গত বছর আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা জিতে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচান তিনি। সাতবারের ব্যালন ডি’অর জয়ীর এখন একটাই চাওয়া- বিশ্বকাপ ট্রফি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি