বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির দলে থাকাটাই যথেষ্ট মনে করেন গার্দিওলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৪.২০২২

স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেয়ার পর খুব উজ্জ্বল নেই লিওনেল মেসির নৈপুণ্য। তবে তার সাবেক গুরু পেপ গার্দিওলা বললেন- মেসি কেমন খেলছে সেটা বিষয় নয়, তার দলে থাকাটাই যথেষ্ট। একেবারে কিশোর বয়স থেকে ৭ বারের ব্যালন ডি’অর জয়ীকে চেনেন কোচ গার্দিওলা। চলতি মৌসুমে সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার মোটে পেয়েছেন ৭ গোল। তবে আর্জেন্টিনার হয়ে তার পারফরম্যান্স উজ্জ্বলই। সেদিকে ইঙ্গিত করে স্পেনের তেলেমুন্দো চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা বলেন, ‘মেসি কেমন খেলছে সেটা বিষয় নয়, তার দলে থাকাটাই যথেষ্ট। দলে মেসি আছে এ বিষয়টাই দলকে বাড়তি শক্তি দেয়। ডি মারিয়া, লাউতারো (মার্টিনেজ) বা হুলিয়ান আলভারেসদের জন্য গোল তৈরি করে দেয়া বা নিজেরও ২-৩টি সুযোগ তৈরি করার অনন্য সামর্থ্য আছে।’ গুঞ্জন রয়েছে বিশ্বকাপের পর ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ গার্দিওলা।

তবে সেদিকে তেমন লক্ষ্য নেই এ স্প্যানিয়ার্ডের। এখনও কোনো কিছু চূড়ান্ত নয় জানান তিনি। একই সঙ্গে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলকে নিয়ে প্রশংসাও ঝরেছে তার কণ্ঠে। গার্দিওলা বলেন, ‘কোপা আমেরিকা জেতায় তাদের বাড়তি আত্মবিশ্বাস থাকবে যে তারা দলীয়ভাবে কিছু জিততে পেরেছে। বিশ্বকাপে এটা তাদের সাহায্য করবে। স্কালোনির দলের খেলা আমি খুব বেশি দেখিনি। কিন্তু তারা দীর্ঘ সময় কোনো ম্যাচ হারেনি। এই অপরাজিত থাকার অনুভূতি একটা দলকে বাড়তি মানসিক শক্তি জোগায়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি