শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গোমতী নদী থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০২২

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের ৩ দিন পর গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় হোছনেয়ারা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ফতেহাবাদ ইউনিয়নের কালিকাপুর গোমতী নদীর লোহার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে মরদেহ শনাক্ত করেছেন তার স্বজনেরা। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ভাড়েল্লা ইউনিয়নের শাহী রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মতিনের স্ত্রী।

হোছনেয়ারার ৪ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। তার ৪ ছেলে প্রবাসে থাকেন। আর ৩ মেয়ে থাকেন শ্বশুরবাড়িতে। নিজ বাড়িতে বৃদ্ধ স্বামীকে নিয়ে থাকতেন তিনি।

নিহতের বোনের ছেলে নাদির বলেন, আমার বৃদ্ধ খালা-খালু বাড়িতে থাকতেন। ৪ ছেলে প্রবাসী এবং ৩ মেয়ে স্বামীর বাড়িতে থাকায় তাদের দেখভালে কেউ ছিলেন না। খালা হোছনেয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময়ই নিখোঁজ হয়ে যেতেন আবার কয়েক দিন পর ফিরে আসতেন।

তিনি গত সোমবার রাত অনুমান সাড়ে ৯টায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। খালার বাড়ির পাশে গোমতী নদী থাকায় নদীতেও অনেক খোঁজাখুঁজি করেছি। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের কাছে তার কোন খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ আমরা কয়েকজন স্বজন নিখোঁজ খালাকে খুঁজতে এসে জানতে পারি, কালিকাপুর একটি মরদেহ উদ্ধার হয়েছে। আমরা এসে খালার মরদেহ শনাক্ত করি।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, গোমতী নদী থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহ তার স্বজনরা শানাক্ত করেছেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি পূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি