ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রামের হাটহাজারীতে ১১ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত যুবককে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে গাজীপুর মহানগরের গাছা থানার বালিয়ারা ডেগেরছালা এলাকা থেকে অভিযুক্ত রেজাউল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়। এসময় অপহৃত শিশুটিকেও উদ্ধার করেছে র্যাব।
গ্রেফতার রেজাউল কিশোরগঞ্জের মিঠামইন থানার চারিগ্রাম এলাকার আজিজুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় র্যাব-৭ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ভুক্তভোগী শিশুটি হাটহাজারী এলাকার একটি মাদরাসায় পড়ালেখা করতো। তার বাবা একজন রিকশাচালক। খরচ দিতে না পারায় মেয়ের পড়ালেখা বন্ধ করে দেন তিনি। এরপর থেকে শিশুটি বাসায়ই থাকতো। গত ২২ জুন রাতে তাকে ফুসলিয়ে অপহরণ করে রেজাউল ইসলাম। এ ঘটনায় পরদিন হাটহাজারী থানায় মামলা করেন শিশুটির বাবা।
এরপর অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার ও শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে র্যাব। রেজাউল গাজীপুরে অবস্থান করছে বলে জানতে পারে র্যাব। ২৮ জুন বিকেলে অভিযান চালিয়ে অপহরণকারীকে
গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মূলত মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে নানা প্রলোভন দেখিয়ে রেজাউল শিশুটিকে অপহরণ করে। পরে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে গাজীপুর থেকে তাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতার রেজাউলকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।


























































