ডেস্ক রিপোর্ট:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে টিটু চন্দ্র দাস (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার ( ৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ছোট কেগনা গ্রামের মোহাম্মদ উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি পরিবার ও পুলিশ।
আজ বৃহস্পতিবার ( ৭ জুলাই) সকালে টিটুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাওতলা গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, নিহত যুবকের মা-বোন সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে। সে মায়ের সঙ্গে উপজেলার ছোট কেগনা গ্রামের মোহাম্মদ উল্যার বাড়ির ভাড়া বাসায় থাকতো।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার ( ৬ জুলাই) বিকেলের দিকে নিহত টিটুর পরিবারের কোনো সদস্য ঘরে ছিল না। ওই সময় সে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে বসতঘরের দরজা ভেঙ্গে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি মো. হারুন অর রশিদ বলেন, এখন পর্যন্ত ওই যুবকের আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


















































