রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতি কিলোমিটারে বাসভাড়া কমল ৫ পয়সা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

বাসভাড়া কিলোমিটার প্রতি পাঁচ পয়সা কমানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আগামীকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

এর আগে ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা বাড়ায় বিআরটিএ। আর দূরপাল্লায় বাসভাড়া বাড়ায় ৪০ পয়সা।

বাড়ানোর আগে ভাড়া ছিল মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া কিলোমিটারপ্রতি ১ টাকা ৮০ পয়সা ছিল। সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি