শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃদ্ধ দম্পতি হত্যার মূল হোতাসহ ৪ যুবক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বসতঘরে বৃদ্ধ দম্পতি হত্যার মূল হোতাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের বাসিন্দা ও হত্যাকাণ্ডের মূল হোতা শাহাবুল হক, একই গ্রামের রাজীব হোসেন, বিদ্যুত আলী ও শাকিল হোসেন। ওই হত্যাকাণ্ডে নিহত নজির উদ্দিনের ট্রলিচালক শাহাবুল হকসহ অন্য আসামিরা অংশ নেন।

নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এ হত্যাকাণ্ডের পর জেলা পুলিশের একাধিক টিম, সিআইডি ও পিবিআই পুলিশ মাঠে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে এ ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, নিহত নজির উদ্দিনের ব্যবহৃত নোকিয়া-২৩০ মোবাইল ফোন, পানের বরজে পুতে রাখা নিহত ফরিদার হ্যান্ডব্যাগ ও নজির উদ্দিনের কালো অফিসিয়াল ব্যাগ, হত্যার সময় আসামিদের রক্তমাখা জামা-কাপড় উদ্ধার করা হয়। এ ছাড়া আসামি রাজীবের কাছ থেকে ৩৫ হাজার টাকা ও বিদ্যুতের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি