ডেস্ক রিপোর্ট:
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব ফেরত এক প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বর্তমানে ওই প্রবাসী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলার ঘটনায় ৭ জনকে আসামি করে বড়ুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, জেলার বড়ুরা উপজেলার নাটেহর গ্রামের মো. শামীম ও তার ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করছেন। সম্প্রতি শামীম বাড়িতে এসে মুরগি ও গরুর খামার শুরু করেন।
বুধবার সকালে শামীম বাড়ির সামনের জমির উপর পড়ে থাকা গাছের ডালপালা কাটার জন্য পার্শ্ববর্তী এলাকার সুরুজ মিয়ার ছেলে ইকবালকে বলেন। এ সময় শামীমের সাথে ইকবালের বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর ইকবালের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালায়।
তারা প্রবাসী শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়। স্থানীয়রা এগিয়ে আসলে অস্ত্র উঁচিয়ে সন্ত্রাসীর চলে যায়। পরে আহত শামীমকে উদ্ধার করে প্রথমে বড়ুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শামীম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এদিকে হামলাকারীদের ভয়ে বাড়িতে আতঙ্কিত অবস্থায় আছেন প্রবাসী শামীমের মা ও স্ত্রী।
বড়ুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনার পর থেকে হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।


















































