মঙ্গলবার,১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


গোল করে ট্র্যাকে ফেরা উদযাপন করলেন রোনালদো


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০২২

স্পোর্টস ডেস্ক:

দুই ম্যাচ বিরতি দিয়ে আবারও ম্যানইউর স্কোয়াডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলে ফিরেই গোল করলেন সিআর সেভেন। জেতালেন দলকে। রোনালদো নৈপুণ্যে ভলদোভিয়ান ক্লাব শেরিফ টাইরাসপলকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো ছাড়াও ম্যানইউর হয়ে গোল করেন দিয়েগো দালত, মার্কাস রাশফোর্ড।

এই জয়ের ফলে ইউরোপার শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ম্যানইউ। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১২। তৃতীয় স্থানে থাকা শেরিপের পয়েন্ট ৩। সুতরাং, ম্যানইউর সামনে আর কোনো বাধা নেই। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের পয়েন্ট ১৫। গ্রুপের শেষ ম্যাচে সোসিয়েদাদ এবং ম্যানইউ মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

ম্যাচের ৪৪ মিনিটে সবার ওপর লাফিয়ে উঠে এক বুলেট গতির হেডে শেরিফের জাল ভেদ করেন দিয়েগো দালত। দ্বিতীয়ার্ধে কোচ মাঠে নামান ডিফেন্ডার হ্যারি মাগুইরেকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগের আট ম্যাচ মিস করেন তিনি।

৬৫তম মিনিটে লুক শ’র কাছ থেকে বল পেয়ে দারুণ এক হেডে শেরিফের জালে বল জড়ান মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৮১তম মিনিটে ম্যানইউর লিড বাড়িয়ে দেন রোনালদো। এবার তার নিজের হেড ফিরিয়ে দেন শেরিফ গোলরক্ষক। ফিরতি বলটিই রোনালদো জড়িয়ে দেন জালে। এরপরই দর্শকদের উদ্দেশ্যে উল্লাসে মেতে ওঠেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি