শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছোট বোনের প্রেমিকের ছুরিকাঘাতে নিহত বড় বোনের প্রেমিক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শাকিলের (২২) ছুরিকাঘাতে বন্ধু মামুন (২১) মারা গেছেন। এ ঘটনায় শাকিলকে আটক করে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মামুন উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর জোরপুকুর পাড় গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। অপরদিকে, শাকিল একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মৈশেরচালা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র মামুন। আজ রোববার ফরম ফিলাপ করার কথা ছিল তার। এরই মধ্যে মোবাইলে একটি মেসেজ আসে মামুনের। সেখানে শাকিল লিখে, ‘আগামীকাল তুই কলেজে চলে যাবি। তোর সাথে দেখা করা দরকার।

সন্ধ্যার পর আমি হোরবাড়ি স্কুলের সামনে থাকবো।’ কথা মতো মামুন শাকিলের সঙ্গে দেখা করে এবং দুই বন্ধুর কথোপকথনের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। শুরু হয় ধস্তাধস্তি। মামুনের স্কুল ব্যাগে থাকা চাকু হঠাৎ পড়ে যায়। নিজে বাঁচতে সেই ছুরি দিয়ে মামুনকে একাধিক আঘাত করে শাকিল। মামুন ঘটনাস্থলেই মারা যায়।

ফুলবাড়িয়ার থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া জানান, একই উপজেলার কালাদহ ইউনিয়নের সহোদর দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মামুন ও শাকিলের। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।

ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আজ সকালে ময়নাতদন্তের জন্য মামুনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি