ডেস্ক রিপোর্ট:
নিজের স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন; জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে এমন তথ্য দেওয়ার পর তা মিথ্যা প্রমাণিত হওয়ায় নোয়াখালীতে আনোয়ার হোসেন (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন জেলার সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া গ্রামের বাসিন্দা। তিনি আগেও এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে নোয়াখালী সুধারাম মডেল থানায় কল আসে। ৯৯৯ থেকে তথ্য দেওয়া হয় দক্ষিণ শুল্লকিয়া গ্রামের (২৮) এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। ৯৯৯ থেকে আরও বলা হয়, ভুক্তভোগীর স্বামী আনোয়ার হোসেন জরুরি সেবা নম্বরে কল দিয়ে পুলিশি সহযোগিতা চেয়েছেন।
এমন সংবাদের ভিত্তিতে রাতেই সুধারাম মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্তে বিষয়টি মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ। পরে কলদাতা আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, মজা করতে গিয়ে ৯৯৯-এ কল দিয়ে এমন তথ্য দিয়েছেন বলে স্বীকার করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আনোয়ার ৯৯৯-এ কল দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারি কাজের অসহযোগিতা ও পুলিশকে হয়রানি করেছে। এর আগেও আনোয়ার এরকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


















































