শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবা-মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ায় ২ ছেলে গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে বাবা-মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (১৩ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের কালবিলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বৃদ্ধ বিষেশ্বর মণ্ডল ছেলেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। পরে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে একই দিন রাতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের অমল মণ্ডল ও তার ছোট ভাই শ্যামল মণ্ডল।

মামলায় বিষেশ্বর মণ্ডল উল্লেখ করেন, ‘শ্যামল মণ্ডল, অমল মণ্ডল, বিমল মণ্ডল তিন ভাই। তারা আমাদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করত না। বড় ছেলেকে বিয়ে দেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ছেলের বউ মুক্তা মণ্ডল সংসারে আসার পর অশান্তি শুরু হয়। তুচ্ছ ঘটনার বিষয়ে মুক্তা মণ্ডল ছেলেদের কাছে অভিযোগ করতেন। এরপর আমাদের মারধর করে ছেলেরা। এই বিষয়টি লজ্জায় কাউকে জানাইনি। সম্প্রতি বড় ছেলের বউয়ের সঙ্গে মেজ ছেলে ও ছোট ছেলের সম্পর্কের বিষয়টি নজরে আসে। পরে বিষয়টি বড় ছেলেকে জানালে বিশ্বাস করেনি। উল্টো তাদের জানিয়ে দেয়। এরপর তারা আমাকে ও সরস্বতীকে বেধড়ক মারধর করে।

২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার কৃষ্ণ কান্ত বাড়ৈ জানান, দুই ভাই প্রায় মা-বাবাকে মারধর করে। এর আগেও মারধর করেছে। আমি আর চেয়ারম্যান ওদের মিলিয়ে রাখতে চেষ্টা করেছি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মারধরের ভিডিও দেখে আমি স্থির থাকতে পারিনি। এভাবে মাকে জুতাপেটা করা কেউ সহ্য করবে না।

হারতা ইউনিয়নের চেয়ারম্যান অমল মল্লিক জানান, দুই ছেলের মারধরের ঘটনায় স্বামী-স্ত্রী ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছে। এ সময় দুই ছেলেকে নোটিশ করা হয়। পরে একই দিন দুই ছেলেকে ডেকে শুনানির দিন ধার্য্য করা হয়। অভিযোগ দেওয়ায় দুই ছেলে মাকে পিটিয়েছে। পরে শনিবার এ খবর পেয়ে সন্ধ্যার পর লোকজনের মাধ্যমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মা জানান, বড় ছেলে অমল মণ্ডলের স্ত্রীর সঙ্গে ছেলে বিমল ও শ্যামল মণ্ডলের অবৈধ মেলামেশা আছে। এ নিয়ে তাদেরকে সতর্ক করা হয়। তাতে মারধর করে আমাদের। মারধরের বিচার চেয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে শনিবার সন্ধ্যায় আমাকে টেনে বাড়ি থেকে বেড় করে দিয়ে ১০০ জুতাপেটা করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, রোববার রাতে এ ঘটনায় বৃদ্ধ বিষেশ্বর মণ্ডল ছেলেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি