ডেস্ক রিপোর্ট:
মাদারীপুর সদর উপজেলায় ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের ভেতরে আগুন পুড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বয়স আনুমানিক ০১ ও ০২ বছর। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানী পলাতক থাকায় শিশুদের নাম পরিচয় জানা যায় নি।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ী ও ২ ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটতো। কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি।
স্থানীয়দের বারাতে তিনি আরো জানান, সকালে ওই মহিলা ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। ঘরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বাইরে থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।


















































