ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর রাণীনগরে মা-বাবার অভিযোগে মাদকসেবী ছেলে মো. ফিরোজকে (৩৬) দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. ফিরোজ উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল গ্রামের সুজন সরদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের লোকজনের ওপর অত্যাচারও করত। তার মা-বাবার এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ফোর্স নিয়ে ফিরোজের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন ও মাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচার করার বিষয়ে সত্যতা পাওয়ায় ফিরোজকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাসহ ৫০০ টাকা জরিমানা করা হয়।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, দণ্ডপ্রাপ্ত ফিরোজকে এদিন দুপুরেই জেলহাজাতে পাঠানো হয়েছে।


















































