ডেস্ক রিপোর্ট
পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম রহমান (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরের কাজলার ফুলতলা এলাকার পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম নগরের কাজল সুইটের মোড় এলাকার মুশফিকুর রহমানের ছেলে এবং বিনোদপুর এলাকার কমেলা হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুর বারি বলেন, দুপুরে মাহিম, সিথিল, আবিরসহ পাঁচ বন্ধু পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মাহিম পানিতে তলিয়ে যায়। এ সময় তার এক বন্ধু চেষ্টা করেও তাকে পানি থেকে তুলতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মাহিমের মরদেহ উদ্ধার করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা মাহিমের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।


















































