শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুবলীগ নেতাকে মারধর ও নির্যাতন, প্রত্যাহার সেই ওসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হো‌সেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ মে) ওসি কামাল হো‌সেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন আসাদুজ্জামান পুলক। এ সময় দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ আদালত অভিযোগটি এজাহার হি‌সে‌বে গ্রহণ করতে ঠাকুরগাঁও পুলিশ সুপারকে নির্দেশ দেন।

আদালতের দেওয়া অভিযো‌গে অভিযুক্তরা হ‌লেন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেন, উপ-পরিদর্শক খোকা চন্দ্র রায়, সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোতা‌লেব, উপ-পরিদর্শক হা‌ফিজ ও সদর থানার অপরা‌শেন ইনচার্জ মো. ল‌তিফ।

জানা গেছে, গত ২৯ এপ্রিল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভি‌যোগ ওঠে‌। এতে তার বাম হাত ভেঙে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হো‌সেন জানান, প্রশাসনিক কারণে সদর থানার ওসি কামাল হো‌সেন‌কে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। তার স্থলে তদন্ত ওসি জিয়ারুল ইসলাম‌কে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি