রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানালেন ডি মারিয়া


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানালেন ডি মারিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০২৩

স্পোর্টস ডেস্ক:

গত কাতার বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়েছিলেন আনহেল দি মারিয়া। তবে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। পরে তিনি জানান, আর্জেন্টাইন তিন তারকাখচিত জার্সিতে আরও কিছুদিন খেলতে চান।

অবশেষে নতুন করে আবার অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন দি মারিয়া। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ২০২৪ কোপা আমেরিকায়। এই টুর্নামেন্ট শেষে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন তিনি।

দি মারিয়া আজ শুক্রবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেও মাঠে ছিলেন। যেখানে খেলার ৮৯তম মিনিটে লিওনেল মেসি মাঠ ছাড়ার সময় অধিনায়কত্বের আর্মব্যান্ডটা দি মারিয়ার হাতেই পরিয়ে দিয়েছিলেন।

এদিকে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব খেললেও দি মারিয়া ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন না। দি মারিয়ার বন্ধু আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়েও আছে ধোঁয়াশা।

এর আগে ২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় দি মারিয়ার। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৯টি। করিয়েছেন ২৭টি।

২০০৮ অলিম্পিকে দি মারিয়ার গোলেই স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। এক যুগের বেশি সময় পর তার গোলেই মেসিরা পান কোপা আমেরিকার শিরোপাও। এমনকি গত বছরের জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেছিলেন। আর সর্বশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন এই আর্জেন্টাইন উইঙ্গার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি