স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী এক বছর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না তারা।
জালিয়াতির অভিযোগে তাদের এ শাস্তি দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১ বছর নিষেধাজ্ঞার পাশাপাশি বিকেএসপিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। আগামী ৬ জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠানটিকে এই অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।
বাফুফের পক্ষ থেকে বলা হয়, এ বছর তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন দল চকবাজার কিংসের কয়েকজন ফুটবলার বিকেএসপির হয়ে দ্বিতীয় বিভাগে খেলেছেন। আবার বিকেএসপির কয়েকজন শিক্ষার্থী ভিন্ন নামে চকবাজার কিংসের হয়ে খেলেছেন। জালিয়াতির এই ব্যাপারটি নজরে আসে বাফুফের। এরপরই সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ফুটবল ফেডারেশন। সেখানে দোষ খুঁজে পাওয়ায় ডিসিপ্লিনারি কমিটি কয়েকটি সিদ্ধান্ত নেয়।
কমিটির সুপারিশ অনুযায়ী, বিকেএসপির সিনিয়র ফুটবল কোচ শাহীনুল হক এবং প্রশিক্ষক রবিউল ইসলামকে এক বছরের জন্য ফুটবলসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে বাফুফে। এর পাশাপাশি তাদেরকে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়। এদিকে নাম পরিবর্তন করা তিন খেলোয়াড় নিজ দলের হয়ে পরবর্তী ৬ ম্যাচে নিষিদ্ধ থাকবে বলেও সিদ্ধান্ত হয়।

























































