শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কর্মকর্তার সিল-সই ছাড়া ভোটারকে ব্যালট পেপার দেওয়া যাবে না: ইসি


কর্মকর্তার সিল-সই ছাড়া ভোটারকে ব্যালট পেপার দেওয়া যাবে না: ইসি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ভোটগ্রহণ কর্মকর্তাকে ব্যালট পেপারের উল্টো দিকে সিল ও সই দিয়ে তা ভোটারকে দিতে হবে। সিল ও সই ছাড়া ব্যালট পেপার দেওয়া যাবে না।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তাকে বাস্তবায়নের জন্য বলেছে ইসি। শনিবার (৩০ ডিসেম্বর) ইসি সূত্রে জানা গেছে এ তথ্য।

পরিপত্রে বলা হয়, ভোটদান প্রক্রিয়াকে স্বচ্ছ করতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে এ বিধান এনেছে ইসি।

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া নির্দেশনায় বলা হয়, ভোটারের পরিচয় সনাক্তের পর, প্রকৃত ভোটারকে ব্যালট পেপার দেওয়া সময়, পেপারের অপর পৃষ্ঠায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৩১ এর দফা (২)(ঘ)-এর বিধান অনুসারে অফিসিয়াল সিল এবং সই দিতে হবে।

এছাড়া ভোটগ্রহণের সময় কোনো কক্ষে যদি ব্যালট বাক্স পূর্ণ হয়ে যায়, তাহলে প্রিসাইডিং অফিসার উক্ত ব্যালট বাক্সে তার নিজের সই ও সিলমোহর দেবেন। একই সঙ্গে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টদের মধ্যে যারা ইচ্ছুক তাদের সিলমোহর এবং দস্তখত দিতে হবে বাক্সে। এরপর সেই বাক্সকে একটি সুরক্ষিত স্থানে রাখবে।

ভোটগ্রহণ শুরু হওয়ার আগে ভোটকক্ষে যে পদ্ধতিতে ব্যালট বাক্স দিতে হয়, সেই পদ্ধতি অনুসরণ করে পুনরায় নতুন ব্যালট বাক্স দিতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি