
জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া নিহত হন।
এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়।
বুধবার আদালতে উপস্থিত হন আরিফুল হক চৌধুরী। কিন্তু লুৎফুজ্জামান বাবর ঢাকায় কারাগারে বন্দি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। পরে বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন।
বিএনপি সরকারের পতনের পর ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। ২০০৮ সালের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে।
বাবর তখন দুদকের কাছে ছয় কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দেন, তবে অভিযোগ করা হয় যে তিনি সাত কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। ওই বছরের ১২ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্য একটি আদালত লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড প্রদান করে।

















































