নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করা হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
দেশের নদী রক্ষায় কঠোর আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘নদীগুলো রক্ষা ও দখল হওয়া নদী পুনরুদ্ধার করা জরুরি। এ লক্ষ্যে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে, তবে জনগণের সহযোগিতাও প্রয়োজন। নদী দূষণমুক্ত করতে ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হবে।’
শনিবার আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত অডিটোরিয়ামে বিশ্ব নদী দিবস-২০২৪ উদযাপন এবং মার্ক এঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা। এ সমস্যা মোকাবিলায় সরকার কাজ করছে। আগামী ১ ডিসেম্বর থেকে সচিবালয়ে প্লাস্টিক বোতল নিষিদ্ধ করে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো হবে। এছাড়া, যেসব এলাকায় পাহাড় ও টিলা আছে সেগুলো সংরক্ষণের তালিকা তৈরি করা হচ্ছে।’
নদী দূষণমুক্ত করতে পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু হবে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদী শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি আমাদের সংস্কৃতি ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে নদীকে দূষণমুক্ত রাখতে হবে। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’
অনুষ্ঠানে ব্যক্তি ক্যাটাগরিতে মার্ক এঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। গবেষণা ক্যাটাগরিতে পুরস্কৃত হন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ এবং সাংবাদিকতা ক্যাটাগরিতে ইফতেখার মাহমুদ।

















































