দেশ টিভির এমডি আরিফ হাসান ২ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিমানবন্দর থানায় সজিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। আসামির পক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশ গমনের সময় সন্দেহজনক অবস্থায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ১ নম্বর উত্তরস্থ কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজিব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় সজিবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
উল্লেখ্য, আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সাধারণ সম্পাদক।
















































