বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সালমান, আনিসুল ও জিয়াকে অব্যাহতির চেষ্টা করা তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত


সালমান, আনিসুল ও জিয়াকে অব্যাহতির চেষ্টা করা তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০২৪

তদন্ত কর্মকর্তাকে বরখাস্তসালমান, আনিসুল ও জিয়াকে অব্যাহতির চেষ্টা করা তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত

ডেস্ক রিপোর্ট:

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ।

তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকেও অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছিলেন।

তবে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি ধরা পড়ে যায় এবং নতুন করে তদন্ত শুরু হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কাউকেই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়নি।

এ বিষয়ে মতিঝিল বিভাগের (ডিসি) উপ-পুলিশ কমিশনার (ডিবি) শামসুর রহমান ভূইয়া বলেন, “ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কাউকেই মামলায় অব্যাহতি দেওয়া হয়নি।”

সূত্রগুলো জানিয়েছে, তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ তার ডিবির পরিচয় গোপন করে থানা-পুলিশের কর্মকর্তা পরিচয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার চেষ্টা করেছিলেন। এ ক্ষেত্রে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেননি। বিষয়টি প্রকাশ পাওয়ার পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে যান।

আনিসুল হক ও সালমান এফ রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছিল সবুজ মিয়া ও মো. শাহজাহান মিয়া হত্যা মামলায়। ১৬ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবুজকে মারধর করে এবং শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। পরদিন নিউমার্কেট থানায় মামলা হয়।

সবুজের চাচাতো ভাই মো. নুরনবী ও শাহজাহানের মা আয়শা বেগম মামলার বাদী হন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১৩ আগস্ট আনিসুল হক ও সালমানকে আটক করা হয়। ১৬ আগস্ট গ্রেফতার হন সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান।

মামলা দুটি তদন্ত করছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনার পরিদর্শক মো. জাহাঙ্গীর আরিফ। তিনি ২৩ অক্টোবর দুই মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন।

নথিতে দেখা গেছে, চূড়ান্ত প্রতিবেদনে নিজেকে নিউমার্কেট থানার পরিদর্শক পরিচয় দিয়েছেন, যদিও তিনি ডিবিতে কর্মরত।

অনুসন্ধানে জানা যায়, চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আগে তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ সাক্ষ্য–স্মারকলিপিতে (মেমো অব এভিডেন্স বা এমই) ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই নেননি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিবি থেকে কোনও মামলায় অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য সাক্ষ্য–স্মারকলিপিতে তদন্ত–তদারক কর্মকর্তা সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন), উপকমিশনার এবং গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে অতিরিক্ত কমিশনার ও কমিশনারের সই প্রয়োজন। জাহাঙ্গীর আরিফ এ সই এড়াতে নিজেকে নিউমার্কেট থানার পরিদর্শক হিসেবে উল্লেখ করেছেন।

চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা এবং আনিসুল হক ও সালমানকে অব্যাহতির বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে অসুস্থতার কথা বলে ছুটিতে রয়েছেন তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ।

ডিবি সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন, তিনি অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনের (এখন এপিবিএনে কর্মরত) নির্দেশে কাজটি করেছেন।

এডিসি সানজিদা জানিয়েছেন, তিনি এ ধরনের কোনও সিদ্ধান্ত দেননি এবং এমন গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এখতিয়ার তার নেই।

সূত্র জানিয়েছে, মামলার দুটি হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এডিসি সানজিদার কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। সানজিদা ব্যাখ্যা দিয়েছেন, তবে ডিএমপির কাছে সেটি সন্তোষজনক মনে হয়নি।

আনিসুল হক ও সালমান এফ রহমানকে অব্যাহতি দেওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে রবিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি