মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে উপস্থিত হয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু হঠাৎ মারাত্মক হার্ট অ্যাটাকের কারণে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালীন তামিম বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এরপর তাকে দ্রুত বিকেএসপির পাশে অবস্থিত ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন।
নিজামউদ্দীন জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার একটি এনজিওগ্রাম সম্পন্ন করা হয়।
বিসিবির প্রধান নির্বাহী আরও জানান, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে এবং এই খেলোয়াড়ের চিকিৎসার জন্য যেকোনো ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত। তিনি আরও বলেন, তামিম ইকবালের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট দেওয়া হবে।























































