শুক্রবার,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » জুলাই শহীদদের সম্মান দেওয়া হয়নি, রাষ্ট্র ও রাজনীতির ব্যর্থতা: আমির


জুলাই শহীদদের সম্মান দেওয়া হয়নি, রাষ্ট্র ও রাজনীতির ব্যর্থতা: আমির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৭.২০২৫


ডেস্ক রিপোর্ট:

জুলাই আন্দোলনের শহীদদের প্রতি রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা যথাযথভাবে পালন করা হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘শহীদ পরিবার ভিক্ষা চায় না, তারা চায় সম্মানের সঙ্গে বাঁচতে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব।’

শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে’ আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘আজও জুলাই সনদ বাস্তবায়িত হয়নি, যা দুঃখজনক। শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি—এ নিয়ে আমরা অনুতপ্ত। ঐকমত্য কমিশনে আলোচনা চলছে, কিন্তু কার্যত কোনো অগ্রগতি নেই।’

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধারা না থাকলে আজ আমরা হয়তো কেরানীগঞ্জ কিংবা কাসেমপুরে বন্দি থাকতাম। তাদের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয়।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে। শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকারে আমরা ওয়াদাবদ্ধ। প্রয়োজন হলে তাদের সম্মানের জীবন নিশ্চিত করতে ভিক্ষাও করব। কিন্তু ন্যায়বিচার ও পুনর্বাসনে ছাড় দেব না।’

তিনি বলেন, শহীদ পরিবারের জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা অনুকম্পা নয়, বরং তাদের প্রাপ্য অধিকার। পুনর্বাসন প্রক্রিয়ায় চাকরির মাধ্যমে তাদের জীবনমান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি