কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। রবিবার (১৭ আগস্ট) বিকেলে এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম রিপনের দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের চিহ্নিত একদল ভূমিদস্যু দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন জমি দখলের পায়তারা চালিয়ে আসছে। জমিতে দোকান নির্মাণ করতে গেলে অভিযুক্তরা বারবার বাধা সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। অভিযোগে বলা হয়, গত ১ আগস্ট সকালে বিবাদীগণ রিপনের জমিতে গিয়ে নির্মাণশ্রমিকদের কাজ বন্ধ করে দেয় এবং ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। রিপন এ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যার হুমকি দেয়া হয়।
পরবর্তীতে গত ১৬ আগস্ট সকালে পুনরায় জমিতে নির্মাণকাজ শুরু করলে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রিপন ও তার ভাইসহ কয়েকজন গুরুতর আহত হন। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা নির্মাণস্থল থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীর ভাইয়ের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকার একটি মোবাইল ফোনও নিয়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনার প্রতিবাদে পরদিন বিকেলে ভরাসার বাজার এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসীরা মানববন্ধন করে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র সাধারণ মানুষের জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। অথচ ভুক্তভোগীরা ন্যায়বিচার পাচ্ছে না।
ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম রিপন মানববন্ধনে বলেন, “আমার নিজের মালিকানাধীন জায়গায় দোকান নির্মাণ করতে গেলে বারবার হামলার শিকার হতে হচ্ছে। তারা আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। আমরা আইনের প্রতি আস্থা রেখেই থানায় অভিযোগ দিয়েছি। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধন শেষে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান এবং বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।


















































