বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবিতে রিজিওনাল প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০২৫


কুবি সংবাদদাতা:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতিযোগিতাটি শুরু হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৪০টি দল অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে প্রতিযোগীরা জটিল অ্যালগরিদম ও প্রোগ্রামিং সমস্যার সমাধানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান ড. মাহমুদুল হাসান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পায়ের আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের দুঃখের বিষয়, এত সুন্দর একটি অনুষ্ঠান ভাড়া করা অডিটোরিয়ামে আয়োজন করতে হচ্ছে। তবে ২০২৭ সালের মধ্যে নতুন ক্যাম্পাসে প্রায় এক হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মিত হবে। ২০২৬ সালেই চারটি একাডেমিক ভবন ও চারটি আবাসিক হল উদ্বোধন করা হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সবচেয়ে ভালো, তাই তোমরাই সবচেয়ে ভালো মানুষ হয়ে ওঠো।”

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান, বিজয়ীদের পুরস্কার বিতরণ, নবীনবরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি