শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


নুরুল হক নুরকে বিদেশে নেওয়ার প্রস্তুতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০২৫

নুরুল হক নুরকে বিদেশে নেওয়ার প্রস্তুতি

নুরুল হক নুরকে বিদেশে নেওয়ার প্রস্তুতি

ডেস্ক রিপোর্টঃ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে। ইতোমধ্যে তার পরিবারের কয়েকজন সদস্যের পাসপোর্ট করা হচ্ছে এবং চিকিৎসার জন্য অর্থের সংস্থানও করা হয়েছে। তবে নুরুল হক নুর নিজে এখনও বিদেশে যেতে আগ্রহ প্রকাশ করেননি।

দলীয় সূত্রে জানা যায়, নুরের পরিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে আগ্রহী। হাসপাতাল কর্তৃপক্ষকে অগ্রিম অর্থ প্রদান করতে হবে, যার জন্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু নুরুল হক নুর সম্মতি না দেওয়ায় প্রক্রিয়াটি কিছুটা শ্লথ হয়ে পড়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, একজন জাতীয় রাজনীতিক হিসেবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা রাখতেই বিদেশে চিকিৎসা নিতে অনাগ্রহী নুরুল হক নুর। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে—এ অবস্থায় দেশে থাকলে তিনি সরাসরি কর্মীদের পরামর্শ দিতে পারবেন, কিন্তু বিদেশে গেলে তা সম্ভব নাও হতে পারে। যেহেতু তিনি বর্তমানে শঙ্কামুক্ত, তাই বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তাও তুলনামূলক কম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার পরিবার।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, “আমরা সরকারের বিভিন্ন পর্যায় থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। ঢামেক কর্তৃপক্ষও সর্বোচ্চ সেবা দিচ্ছে। পরবর্তীতে চিকিৎসা কোথায় হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন নুর ভাইয়ের পরিবার।”

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ নুরুল হক নুরের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান।

তিনি বলেন, নুরুল হক নুরের কোনো স্মৃতিভ্রংশ হয়নি এবং এর সম্ভাবনাও নেই। মাথায় আঘাতজনিত রক্তক্ষরণও অনেকটাই ঠিক হয়ে গেছে। ফলে তার অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতির দিকে। তবে গতকাল রাত থেকে তার জ্বর ও সর্দি-কাশির উপসর্গ দেখা দিয়েছে, এজন্য মেডিসিন বিশেষজ্ঞদের পরামর্শে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ঢামেক কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনই নুরকে জরুরি বিভাগ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করে। অবস্থার উন্নতি হওয়ায় বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন। তার নাকের হাড় ভাঙায় মাঝে মাঝে রক্তপাত হচ্ছে, তবে এতে আতঙ্কের কিছু নেই। সাধারণত এ ধরনের আঘাত সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। চোখে আঘাত থাকলেও রক্তক্ষরণ হয়নি এবং চোখ সুস্থ রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এরপর থেকেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি