বুধবার,১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল কলেজছাত্রীর লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০২৫


ডেস্ক রিপোর্ট:

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত কলেজছাত্রীর নাম ফারজানা আক্তার জুঁই। তার বাবার নাম আবুল হাসনাত।

জুঁই লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে এক ব্যক্তি ওই ডোবাতে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে ভাসমান লাশ দেখতে পান। পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। ফারজানা আক্তার জুঁই গত দুই দিন আগে মধ্যরাতে নিখোঁজ হয়েছিলেন।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, বিষয়টি নিয়ে জুঁইয়ের পরিবারের সদস্যদের তেমন কোনো অভিযোগ না থাকায় স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, আমরা লাশটি উদ্ধার করেছি।

পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আশা করি, ময়নাতদন্তের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি