সোমবার,৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


চলন্ত বাসে যৌন হয়রানির শিকার চবি শিক্ষার্থী, অভিযুক্ত আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০২৬

চলন্ত বাসে যৌন হয়রানির শিকার চবি শিক্ষার্থী, অভিযুক্ত আটক

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থী শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দ্রুতযান পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের ছাত্রী।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি নগরী থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি চৌধুরীরহাট এলাকায় পৌঁছালে তার পেছনের সিটে বসা এক ব্যক্তি সিটের ফাঁক দিয়ে তার শরীরে স্পর্শ করেন। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তিনি নাকি ঘুমিয়ে ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে কিছু করেননি। তবে তার কথা বিশ্বাস না করে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী তাকে কয়েকটি চড় মারেন।

ঘটনার সময় বাসে থাকা অন্যান্য যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরে উপস্থিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়াকে বিষয়টি জানান।

পরে তাদের পরামর্শে অভিযুক্ত ব্যক্তিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হুদা কানন জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।

অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের ফতেহাবাদ এলাকায় বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইচ্ছাকৃতভাবে ওই শিক্ষার্থীর শরীরে স্পর্শ করার কথা স্বীকার করেছেন।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, ঘটনার সময় আমাকে ফোন করলে আমি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছিলাম। পরে অভিযুক্ত ব্যক্তিকে সেখানে নিয়ে আসতে বলা হয়। এরপর তাকে ক্যাম্পাসের পুলিশ বক্সে নেওয়া হয় এবং প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানানো হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার দোষ স্বীকার করেন। পরে অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি