আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। তিনি দাবি করেন, দেশটিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং সুযোগ পেলে অন্য যেকোনো প্রার্থীর তুলনায় বেশি সমর্থন পাবেন।
সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মজার ছলে এসব কথা বলেন। এ সময় ট্রাম্প জানান, বর্তমান দায়িত্ব শেষ করার পর তিনি ভেনেজুয়েলায় যাওয়ার পরিকল্পনা করছেন।
ট্রাম্প বলেন, “আমি এখানের কাজ শেষ করে ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব—ভাষা শেখায় আমি বেশ দক্ষ। তারপর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেব।”
তবে তার এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা মূলত রসিকতা হিসেবেই দেখছেন।
এদিকে ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও বড় পরিবর্তন দেখা গেছে। চলতি বছরের ৩ জানুয়ারি দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এরপর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য হালকা মেজাজে করা হলেও আন্তর্জাতিক অঙ্গনে এটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





















































